img

বিশ্বকাপে এখন পর্যন্ত প্রত্যাশা পূরণ করতে পারেননি জার্মানির দুই তরুণ তারকা জামাল মুসিয়ালা ও ফ্লোরিয়ান ভির্টজ। তবে তাদের ওপর আস্থা হারাচ্ছেন না জার্মানির প্রধান কোচ জুলিয়ান নাগেলসমান। ইকুয়েডরের বিপক্ষে হতাশাজনক পারফরম্যান্সের পরও তিনি জানিয়েছেন, শেষ-৩২ পর্বের ম্যাচে এই দুই মিডফিল্ডারই তার ভরসা।

ইকুয়েডরের কাছে হারের ম্যাচে মুসিয়ালা ও ভির্টজ দুজনই নিজেদের স্বাভাবিক ছন্দে ছিলেন না। প্রতিপক্ষের শক্তিশালী রক্ষণভাগের বিপক্ষে তাদের ড্রিবলিং বারবার থেমে যায়। তবুও এই জুটিকে ভেঙে দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন নাগেলসমান।

সংবাদ সম্মেলনে জার্মান কোচ বলেন, ‘ফ্লো (ভির্টজ) দারুণ পরিশ্রম করেছে এবং সর্বোচ্চ চেষ্টা করেছে। তার ভাগ্যটা এখন সঙ্গে নেই। পেনাল্টি বক্সে দুই-তিনটি অসাধারণ ড্রিবল করেছে, কিন্তু গোলটা পাচ্ছে না।’

মুসিয়ালাকে নিয়ে তিনি বলেন, ‘সে প্রায় এক বছর ইনজুরিতে ছিল। আমরা সবাই জানি সে কী করতে পারে। তাকে আবার সেরা ছন্দে ফিরিয়ে আনতে হবে। আমি নিশ্চিত, মুসিয়ালা ও ভির্টজের কাঙ্ক্ষিত ব্রেকথ্রু সোমবারই আসবে।’

ইকুয়েডরের বিপক্ষে হারের ম্যাচে জার্মানির জন্য ইতিবাচক দিক ছিল লেরয় সানের গোল। দীর্ঘদিন পর গোলের দেখা পাওয়ায় এই উইঙ্গারের প্রশংসা করেন নাগেলসমান।

তিনি বলেন, ‘আমি তার জন্য খুবই খুশি। সে ভালো খেলছে। আরেকটি গোলও প্রায় করে ফেলেছিল।’

তবে একটি হারের পর দলজুড়ে বড় ধরনের পরিবর্তনের পক্ষে নন জার্মান কোচ। তার মতে, এই পরাজয় থেকে শিক্ষা নিয়ে আরও আত্মবিশ্বাসের সঙ্গে খেলতে হবে।

নাগেলসমান বলেন, ‘অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়াটা গুরুত্বপূর্ণ। যদি ম্যাচ জিততেই হতো, তাহলে হয়তো আমি ভিন্ন পরিবর্তন আনতাম। কিন্তু সোমবার আমাদের সবকিছু উজাড় করে দিয়ে পরের রাউন্ডে উঠতে হবে। আত্মবিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।’

আগামী সোমবার শেষ-৩২ পর্বে প্যারাগুয়ের মুখোমুখি হবে জার্মানি। ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের বোস্টনে। উইনস্টন-সেলেমে দলের বেস ক্যাম্প ছেড়ে নকআউট ম্যাচের জন্য সেখানে যাবে জার্মান দল।

নাগেলসমান জানিয়েছেন, নকআউট ম্যাচেও তিনি দলে বড় ধরনের পরিবর্তন আনবেন না। বরং মুসিয়ালা, ভির্টজসহ পুরো আক্রমণভাগের ওপরই আস্থা রেখে পরের রাউন্ডে ওঠার লড়াইয়ে নামবে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এই বিভাগের আরও খবর